শিরোনাম

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্বে শিবা শানু ও জয় চৌধুরী

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্বে শিবা শানু ও জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট দেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পান ১৭৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পান ১৭৯ ভোট।

সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। এ পদে পরাজিত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী নূতন ও রোজিনা।

সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুব্রত। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সনি রহমান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন পারভেজ চৌধুরী আবির। দপ্তর ও প্রচার সম্পাদক পদে জয় পেয়েছেন জ্যাকি আলমগীর। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হয়েছেন মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কমল।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত।

এবারের নির্বাচনকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরেই বিএফডিসিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। একদিকে ছিল আরমান-মুক্তি পরিষদ, অন্যদিকে শিবা শানু-জয় চৌধুরী পরিষদ। শেষ পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে জয় পায় শিবা শানু-জয় চৌধুরী পরিষদ।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর