ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী আর. কে. স্টেট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন নিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল হক।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, পাঠদানের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের বিভিন্ন দিক নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের যুগোপযোগী, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও আন্তরিক ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপন, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।