শিরোনাম

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হামলাকারীদের বিচারের দাবিতে সাতক্ষীরায় সভা

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হামলাকারীদের বিচারের দাবিতে সাতক্ষীরায় সভা

সাতক্ষীরায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বেলা ১১টায় শহরের পাকাপুল মোড়ে অবস্থিত জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা জেলা ইউনিট এ সভার আয়োজন করে।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা স. ম. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলতা, জেলার প্রয়াত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত এবং অসুস্থ মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা অভিযোগ করেন, বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবায় নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে। তাঁদের দাবি, চিকিৎসা খাতে বরাদ্দ থাকলেও অনেক মুক্তিযোদ্ধা সরকারি হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা, প্রয়োজনীয় ওষুধ ও জরুরি অ্যাম্বুলেন্স সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

বক্তারা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিশেষ করে ২০২৪ সালের আন্দোলনের সময় সাতক্ষীরা জেলা শহরের তিনটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হামলার ঘটনায় এখনো মামলা হয়নি এবং জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা দাবি করেন।

তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা, ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংস্কার এবং মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা আরও বাড়ানোর দাবি জানান।

সভায় আরও বক্তব্য দেন জেলা ইউনিটের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নূরুল আলম, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা এবিএম জালালউদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারসহ অন্যরা।

সভা পরিচালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ মোল্যা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর