নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় নদীভাঙন প্রতিরোধে চলমান জরুরি প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।
শনিবার (৪ জুলাই) তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং কাজ দ্রুত ও টেকসইভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন, নদীভাঙনের কারণে মানুষের জানমাল ও কৃষিজমি রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখিনুজ্জামান প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে উপস্থিত অতিথিদের অবহিত করেন।
পরিদর্শনকালে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল হক, দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম (ডালিম), সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজন, বাহাগিলি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।