শ্রদ্ধা-ভালোবাসায় শেষ বিদায়

চিরনিদ্রায় শায়িত শিক্ষক আব্দুর রহমান

চিরনিদ্রায় শায়িত শিক্ষক আব্দুর রহমান

নীলফামারীর কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান (৭৭) শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। শুক্রবার বাদ জুমা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় শত শত শিক্ষার্থী, সহকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীরা অংশ নেন। পরে কিশোরগঞ্জ উপজেলার মুন্সিপাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় দেড় দশক ধরে বিভিন্ন জটিল রোগে ভোগার পর শুক্রবার রাত ২টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক শিক্ষার্থীরা তাঁর শিক্ষাদান, মানবিক গুণাবলি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। ২০০৯ সালে অবসরে যাওয়ার আগ পর্যন্ত তিনি কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অবসরের পরও তাঁর অনেক সাবেক শিক্ষার্থী নিয়মিত খোঁজখবর নিতেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কিশোরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাকালীন সভাপতি, তৎকালীন পাট সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন উপজেলা পাট চাষী সমিতির সাবেক সভাপতি এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ সংঘ’-এর সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, সংরক্ষিত নারী সংসদ সদস্য বিলকিস ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম (ডালিম), উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, সেক্রেটারি ফেরদৌস আলম, কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর