জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের ভাবকি গোয়ালবাড়ী এলাকায় আট মাস বয়সী শিশু শাওন হত্যা মামলার দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার ভাবকি ফকিরবাড়ী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত শিশুর স্বজন ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু শাওন হত্যা মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তারা দাবি করেন, যদি এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকে, তবে তাদেরও শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত শিশুর দাদা খাদেম আলী ফকির, দাদি মমেনা বেগম, বাবা হুমায়ুন কবিরসহ স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, গত ২৮ জুন ভোরে মেলান্দহ উপজেলার ভাবকি গোয়ালবাড়ী এলাকায় আট মাস বয়সী শিশু শাওনের মরদেহ বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা শ্রাবন্তী আক্তারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং মামলার আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।