শিরোনাম

বরিশালে ব্যবসায়ীর ওপর হামলা ও জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার ঘটনায় গ্রেফতার লিটু

বরিশালে ব্যবসায়ীর ওপর হামলা ও জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার ঘটনায় গ্রেফতার লিটু

বরিশালে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে জোরপূর্বক একাধিক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) দুপুর ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। হামলার শিকার ব্যবসায়ী আব্দুল আজিজ হাওলাদার অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

জানা যায়, গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল নগরের সদর রোডে অবস্থিত অগ্রণী হাউজিং লিমিটেডের কার্যালয়ে কয়েকজন ব্যক্তি প্রবেশ করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারা একপর্যায়ে আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করেন এবং জোরপূর্বক একাধিক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেন।

ভুক্তভোগী আব্দুল আজিজ হাওলাদারের অভিযোগ, কাটপট্টি রোড এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান লিটুর নেতৃত্বে এ হামলা চালানো হয়। মারধরের একপর্যায়ে তার কাছ থেকে দুটি চেক ও কয়েকটি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।

তবে মোস্তাফিজুর রহমান লিটুর দাবি, তিনি অগ্রণী হাউজিং লিমিটেডের একজন পরিচালক। তার অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে অন্যান্য পরিচালকদের বঞ্চিত করে আসছেন।

এদিকে হামলার ঘটনায় অভিযুক্তের সঙ্গে যুবদলের নাম জড়িয়ে পড়লে সংগঠনটির নেতারা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। পরে এক সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, মোস্তাফিজুর রহমান লিটু যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন।

ঘটনার পর আব্দুল আজিজ হাওলাদার আদালতে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ লিটুকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর