‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে আয়োজিত ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা’র শেষ দিনে নীলফামারীতে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ আয়োজন করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় নীলফামারী সরকারি কলেজ ও নীলফামারী সরকারি মহিলা কলেজ।
‘ডিজিটাল ভূমি সেবাই পারে ভূমি সংক্রান্ত হয়রানি সম্পূর্ণ নির্মূল করতে’— এ বিষয়ের পক্ষে অবস্থান নেয় নীলফামারী সরকারি কলেজ এবং বিপক্ষে ছিল নীলফামারী সরকারি মহিলা কলেজ। প্রতিযোগিতায় নীলফামারী সরকারি কলেজ চ্যাম্পিয়ন হয়।
বিতর্ক শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সাতজনকে বিজয়ী ঘোষণা করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় ইউনিয়ন পর্যায়ে সেরা তিন ভূমি কর্মকর্তাকেও সম্মাননা দেওয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম জানান, সেরা ভূমি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ডোমার পৌর ভূমি অফিসের এটিএম শাহজাহান আলী, ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দুলাল চন্দ্র রায় এবং জলঢাকা উপজেলার কৈমারী ভূমি অফিসের রেজওয়ান হোসেন।
সমাপনী অনুষ্ঠানে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ ও রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) তানজীর ইসলাম উপস্থিত ছিলেন।