বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালান, মাদক ও মানব পাচার রোধে গত এক বছরে বড় ধরনের সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রংপুর রিজিয়নের আওতাধীন ব্যাটালিয়নগুলোর অভিযানে ১ মে ২০২৫ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রায় ৯৪ কোটি ৫২ লাখ টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। একই সময়ে বিভিন্ন মামলায় ৫৪৭ জনকে আটক করা হয়।

বুধবার (২০ মে) পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর রিজিয়নের ৪টি সেক্টরের ১৫টি ব্যাটালিয়ন ও একটি হাসপাতাল প্রায় ১ হাজার ৬৬৮ কিলোমিটারের বেশি সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে। এ সময় নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতায় বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও চোরাচালান পণ্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ফেনসিডিল, বিদেশি মদ, ইয়াবা, গাঁজা, নেশাজাতীয় সিরাপ, ট্যাবলেট ও ইনজেকশন। এছাড়া প্রসাধনী, খাদ্যপণ্য, কাপড়, শাড়ি, লেহেঙ্গা, জিরা, চিনি, পেঁয়াজসহ বিভিন্ন পণ্যও জব্দ করা হয়েছে।

অভিযানে ট্রাক, মোটরসাইকেল, নৌকা ও বাইসাইকেলসহ বিভিন্ন যানবাহন জব্দ করা হয়। পাশাপাশি ১৪টি আগ্নেয়াস্ত্র, ৭টি ওয়ান শুটার গান, ২৫টি ম্যাগাজিন ও ৭৫ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।
মানব পাচার প্রতিরোধে সীমান্ত এলাকা থেকে ১৩ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয় এবং এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম ও আইন-শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে।