পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকায় কালভার্টের মুখ বন্ধ করে ঘর নির্মাণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিয়ে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।
স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে কালভার্টের পানি চলাচল বন্ধ হয়ে কয়েকশ’ বিঘা কৃষিজমি পানির নিচে তলিয়ে যায়। এতে আমন মৌসুমের প্রস্তুতি ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকার সড়ক ভেঙে চরম দুর্ভোগে পড়েন বাসিন্দা ও শিক্ষার্থীরা। বিশেষ করে বসুনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা দেখা দেয়।

স্থানীয় ইউপি সদস্য রশিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন চেষ্টা করেও কালভার্টের মুখে নির্মিত ঘর সরানো সম্ভব হয়নি। পরে আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে এসে ঘরের মালিক আনসারুল ইসলাম বাচ্চুর সঙ্গে কথা বলে সমাধানের উদ্যোগ নেন।
ঘরের মালিক আনসারুল ইসলাম বাচ্চু জানান, আব্দুর রাজ্জাক তাকে ড্রেন নির্মাণ ও মাটি ভরাটের জন্য ৮০ হাজার টাকা সহায়তার আশ্বাস দিলে তিনি ঘর সরিয়ে নিতে রাজি হন।
বসুনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, রাস্তা ভেঙে যাওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি কমে গিয়েছিল। এখন দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানান তিনি।
এ বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয়দের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরকে অবহিত করা হয়। পরে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে।
স্থানীয়রা জানান, কালভার্টের মুখ খুলে দেওয়ায় পানি নামতে শুরু করেছে। এতে কৃষক ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।