শিরোনাম
৪৮ ঘণ্টার আলটিমেটাম

সৈয়দপুরে কুটির শিল্প মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি

সৈয়দপুরে কুটির শিল্প মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি

নীলফামারীর সৈয়দপুর ফেয়ারপার্কে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার আড়ালে র‌্যাফেল ড্র, লটারি, জুয়া এবং অশ্লীল নাচ-গানসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ তুলে মেলা বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছে ‘সচেতন জনতা সৈয়দপুর’ নামে একটি সংগঠন।

সোমবার (৭ জুলাই) দুপুরে সংগঠনটির সভাপতি মুফতি গোলাম রব্বানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে স্মারকলিপি জমা দেয়। একই সঙ্গে স্মারকলিপির অনুলিপি নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সৈয়দপুর প্রেসক্লাবেও পাঠানো হয়।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, সৈয়দপুর সেনানিবাসের ফেয়ারপার্কে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার আড়ালে র‌্যাফেল ড্র, লটারি, জুয়া, নাচ-গান ও সার্কাসের নামে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে। এসব কর্মকাণ্ড স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে এবং সমাজে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে দাবি করা হয়।

এতে আরও বলা হয়, সরকারি নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত আলোকসজ্জার মাধ্যমে বিদ্যুতের অপচয় হচ্ছে। পাশাপাশি মেলায় আগত দর্শনার্থী ও যানবাহনের চাপে সৈয়দপুর বিমানবন্দর সড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষ, কর্মজীবী, জরুরি সেবাগ্রহীতা এবং বিমানবন্দরগামী যাত্রীরা দুর্ভোগে পড়ছেন।

সংগঠনটির দাবি, বর্তমানে এইচএসসি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক পরীক্ষা চলমান থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা, পরীক্ষা এবং যাতায়াতও ব্যাহত হচ্ছে।

স্মারকলিপিতে ৪৮ ঘণ্টার মধ্যে মেলার সার্বিক কার্যক্রম বন্ধ করে এলাকার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়। অন্যথায় সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মেলা কর্তৃপক্ষ। আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধি রাশেদ বলেন, মেলায় কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে না। প্রবেশ টিকিটের বিপরীতে কেবল পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং সব কার্যক্রম যথাযথ নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে। তিনি অভিযোগ করেন, মেলা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে ভুল ধারণা তৈরির চেষ্টা করা হচ্ছে। তার দাবি, প্রতিদিন শান্তিপ্রিয় মানুষের উপস্থিতিতে মেলা প্রাণবন্ত হয়ে উঠছে।

উল্লেখ্য, গত ২৫ মে সৈয়দপুর সেনানিবাসের ফেয়ারপার্কে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়। মেলার আয়োজন করেছে এসএমআর ইভেন্ট ম্যানেজমেন্ট।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর