শিরোনাম

অটোর অতিরিক্ত পার্কিং চার্জ প্রত্যাহারের দাবিতে সৈয়দপুর পৌরসভা ঘেরাও

অটোর অতিরিক্ত পার্কিং চার্জ প্রত্যাহারের দাবিতে সৈয়দপুর পৌরসভা ঘেরাও

নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় অটোরিকশা, ভ্যান, ইজিবাইক ও মিশুকের বার্ষিক পার্কিং চার্জ কমানোর দাবিতে পৌরসভা ঘেরাও ও স্মারকলিপি দিয়েছেন শ্রমিকরা। দাবি না মানলে ৭২ ঘণ্টার মধ্যে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি, সৈয়দপুর শাখার উদ্যোগে কয়েকশ শ্রমিক পৌরসভা চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে তারা পৌর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন।

কর্মসূচির সময় শহীদ তুলশিরাম সড়ক ও পৌরসভা সড়কে শত শত অটোরিকশা, ইজিবাইক ও অন্যান্য যানবাহন দাঁড় করিয়ে রাখায় যান চলাচল ব্যাহত হয়। এতে প্রায় দুই ঘণ্টা ধরে তীব্র যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

স্মারকলিপিতে শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ধরে তারা অটোরিকশা, ভ্যান, ইজিবাইক ও মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সীমিত আয়ে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে সৈয়দপুর পৌরসভায় বার্ষিক পার্কিং চার্জ ২ হাজার টাকা নির্ধারণ করায় তারা অতিরিক্ত আর্থিক চাপে পড়েছেন।

সমাবেশে বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সৈয়দপুর শাখার সভাপতি হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শ্রমিক নেতা শফিকুল ইসলাম, জহুরুল ইসলাম, বিনয় কুমার, মো. আরজু, জোবায়দুল ইসলাম মিঠু ও রুহুল আমিনসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, নীলফামারী সদরসহ জেলার অন্যান্য পৌরসভায় একই ধরনের যানবাহনের বার্ষিক পার্কিং চার্জ ১ হাজার টাকা হলেও সৈয়দপুর পৌরসভায় ২ হাজার টাকা আদায় করা হচ্ছে, যা বৈষম্যমূলক। তারা মানবিক বিবেচনায় পার্কিং চার্জ ২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার টাকা করার দাবি জানান।

তারা আরও বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী কর্মসূচি শেষে কোনো আনুষ্ঠানিক আলোচনা ছাড়াই শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করেন।

এ বিষয়ে সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী বলেন, পার্কিং চার্জের হার আগে থেকেই নির্ধারিত রয়েছে। এটি পরিবর্তনের জন্য আন্দোলনকারীদের পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে হবে। তবে বিষয়টির দ্রুত সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর