‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিআরডিবির প্রতিনিধি, বিভিন্ন সমবায় ও উন্নয়ন সমিতির সদস্য এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, রুমা বেগমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতেই এ বছর থেকে জাতীয়ভাবে দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তারা আরও বলেন, গ্রামীণ জনপদের সার্বিক উন্নয়ন এবং মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সরকারের পাশাপাশি পল্লী উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।