শিরোনাম

পঞ্চগড়ে ভার্মি কম্পোস্টে কমছে খরচ, বাড়ছে লাভ

পঞ্চগড়ে ভার্মি কম্পোস্টে কমছে খরচ, বাড়ছে লাভ
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ধনমন্ডল এলাকার তরুণ কৃষক সমিজ উদ্দিন ভার্মি কম্পোস্ট ব্যবহার করে বাণিজ্যিকভাবে শাক-সবজি চাষে সফলতা পেয়েছেন। তার দেখাদেখি এলাকার অন্যান্য কৃষকরাও টেকসই কৃষির দিকে ঝুঁকছেন।

কৃষক সমিজ উদ্দিন জানান, রাসায়নিক সার ব্যবহার করে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় উপজেলা কৃষি অফিসের সহায়তায় দিনাজপুর অঞ্চল টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট উৎপাদন শুরু করেন। প্রথমে চারটি রিং দিয়ে শুরু করলেও বর্তমানে ১২টি রিং ও একটি হাউজের মাধ্যমে মাসে প্রায় ৮০০ কেজি জৈব সার উৎপাদন করছেন।

তিনি বলেন, নিজের জমিতে ব্যবহারের পর অতিরিক্ত সার প্রতি কেজি ১২ থেকে ১৫ টাকায় অন্য কৃষকদের কাছে বিক্রি করছেন। ভার্মি কম্পোস্ট ব্যবহারের ফলে উৎপাদন খরচ অর্ধেকে নেমে এসেছে এবং ফলনও বেড়েছে। চলতি মৌসুমে দুই বিঘা জমিতে চিচিঙ্গা ও ঢেঁড়স চাষ করে এখন পর্যন্ত প্রায় এক লাখ টাকা লাভ করেছেন তিনি।

উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কাদের সরকার বলেন, ২০২৩-২৪ অর্থবছরে সমিজ উদ্দিনকে ভার্মি কম্পোস্টের প্রদর্শনী দেওয়া হয়েছিল। পরে তিনি নিজ উদ্যোগ ও পরিশ্রমে সফলতা অর্জন করেছেন, যা অন্য কৃষকদের জন্য অনুকরণীয়।

দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ বলেন, জমির উর্বরতা রক্ষা ও টেকসই কৃষি নিশ্চিত করতে কৃষকদের ভার্মি কম্পোস্ট ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর