দি হাঙ্গার প্রজেক্টের অনুপ্রেরণায় মনোহরদী ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) আয়োজিত এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) সহযোগিতায় নরসিংদীর একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত এ অলিম্পিয়াডে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এতে রাজনৈতিক, ধর্মীয় ও জাতীয় সম্প্রীতি, শান্তি এবং সহাবস্থান বিষয়ে বহুনির্বাচনী প্রশ্নের ভিত্তিতে তাৎক্ষণিক পরীক্ষা নেওয়া হয়। পরে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
পিস অ্যাম্বাসেডর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইদুর রহমান তসলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদির মৃধা, পিএফজি সদস্য শফিকুল আলম সোহেল এবং ওয়াইপিএজি কোঅর্ডিনেটর মেহেরাব হোসেন আকাশসহ অন্যরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।