কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির যেকোনো তৎপরতা মোকাবিলায় মঙ্গলবার (২৩ জুন) সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় জানানো হয়, ‘আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে’ বিকেল ৫টায় দেশের সব জেলা শহর ও মহানগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে দলের নেতা-কর্মীদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যদেরও অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হুসাইন বলেন, গুম, খুন ও গণহত্যার বিচার বাস্তবায়ন নিয়ে তাদের সংশয় রয়েছে। তার অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ প্রেক্ষাপটে নিয়মিত রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবেই মঙ্গলবারের বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।