নীলফামারীর সৈয়দপুরে স্বাধীনতার মহান ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।
শনিবার (৩০ মে) সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয়, কালো ও দলীয় পতাকা উত্তোলন, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ।
শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আখতার শাহীন।
সভায় বক্তব্য দেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম জনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, এম এ পারভেজ লিটন, সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সভাপতি রশিদুল হক সরকার, জেলা যুবদলের সদস্য সচিব পারভেজ আলম গুড্ডুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপিসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।