বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় বাবু শিকদার (৩০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) ভোরে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত বাবু শিকদার ওই এলাকার কালাম শিকদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
নিহতের পরিবারের অভিযোগ, চাঁদা দাবিকে কেন্দ্র করে স্থানীয় কিশোর গ্যাং নেতা মধু ওরফে টোকাই মধুর নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। বাবুর ভাই নাঈম হোসেন জানান, দীর্ঘদিন ধরে তার ভাইয়ের কাছে চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ফজরের নামাজের আগে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।
তিনি আরও অভিযোগ করেন, হামলায় টোকাই মধুর সহযোগী হিসেবে হাতকাটা রেদওয়ান, খাটো রুবেল, ফকির রাজু, সাজ্জাদ ও সৈকত অংশ নেয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বাবুকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয়রা শহীদ ওরফে কালা শহীদ ও মটু সিয়াম নামে দুইজনকে আটক করে কাউনিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ জানান, কিশোর গ্যাং সংশ্লিষ্ট বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পেছনে মাদকের সম্পৃক্ততাও রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।