শিরোনাম

ইতালির রোমে নৃশংস হামলায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

ইতালির রোমে নৃশংস হামলায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

ইতালির রাজধানী রোমে এক নৃশংস হামলায় নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি, তার স্ত্রী ও পাঁচ বছর বয়সী কন্যাসহ একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের জ্যেষ্ঠ ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে রোমের অরেলিও এলাকার ভায়া মন্টিগ্লিও (Via Montiglio) এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা প্রবাসী কামাল হোসেন, তার স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যা। তারা দীর্ঘদিন ধরে ইতালির রোমে বসবাস করছিলেন। কামাল হোসেন স্থানীয় কাসাল সেলস এলাকার একটি সুপারমার্কেটে কর্মরত ছিলেন।
ইতালীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, অজ্ঞাতপরিচয় এক হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই বাবা, মা ও মেয়ের মৃত্যু হয়। এ সময় পরিবারের জ্যেষ্ঠ ছেলে রক্তাক্ত অবস্থায় বাড়ির বাইরে পড়ে ছিল। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য, বর্তমানে সে আশঙ্কামুক্ত।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে জোরপূর্বক প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে, হামলাকারী পরিবারের পূর্বপরিচিত কেউ হতে পারে। স্থানীয়দের দাবি, আহত শিশুটি হামলাকারীর পরিচয় সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছে।
ঘটনার পরপরই রোম পুলিশ, ফ্লাইং স্কোয়াড ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ কিংবা হামলাকারীর পরিচয় সম্পর্কে ইতালীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।
এ ঘটনায় রোমে বসবাসরত বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পলাতক হামলাকারীকে গ্রেপ্তারে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চিরুনি অভিযান ও বিশেষ তল্লাশি পরিচালনা করছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর