শিরোনাম

বাগেরহাট জেলা হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ, চিকিৎসাধীন ৩৪

বাগেরহাট জেলা হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ, চিকিৎসাধীন ৩৪

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় চিকিৎসাসেবায় চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৩৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।
হাসপাতাল সূত্র জানায়, গত কয়েক সপ্তাহে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় শয্যা সংকট দেখা দিয়েছে। ফলে নারী ও পুরুষ রোগীদের একই ওয়ার্ডে চিকিৎসাসেবা দিতে হচ্ছে।
রোগীদের অভিযোগ, পৃথক ওয়ার্ডের ব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া দিনের বেলায় অনেক রোগীকেই মশারী ছাড়াই থাকতে হচ্ছে, যা নতুন করে মশাবাহিত সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে বলে তাদের আশঙ্কা। তারা ডেঙ্গু রোগীদের জন্য পর্যাপ্ত মশারী সরবরাহ এবং নারী-পুরুষের জন্য পৃথক ওয়ার্ডের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
তবে হাসপাতালের চিকিৎসাসেবার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন কয়েকজন রোগী। তাদের ভাষ্য, রোগীর চাপ বেশি থাকলেও চিকিৎসক ও নার্সরা নিয়মিত খোঁজখবর নিচ্ছেন এবং আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, “হঠাৎ করে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় কিছুটা চাপ সৃষ্টি হয়েছে। তারপরও রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সরা নিরলসভাবে কাজ করছেন। রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।”

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর