সাড়ে পাঁচ ঘণ্টা পর নীলফামারী-সৈয়দপুর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (১৭ মে) দুপুর দেড়টার দিকে উদ্ধার কাজ শেষে খুলনাগামী খুলনা মেইল (রকেট) এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এর আগে সকাল সোয়া ৮টার দিকে নীলফামারীর খয়রাতনগর রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর ভেঙে পড়া গাছের ডালের সঙ্গে সংঘর্ষে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে সৈয়দপুর-চিলাহাটি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর দুপুর ১টার দিকে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করা হয়।
রেলওয়ে সূত্র জানায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী খুলনা মেইল ট্রেনটি নীলফামারী স্টেশন অতিক্রমের পর খয়রাতনগর এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর পড়ে থাকা গাছের ডালের সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষ হয়। এতে ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।
ঘটনার প্রভাবে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসের চিলাহাটি, ডোমার ও নীলফামারী স্টেশনের যাত্রা বাতিল করা হয়। পরে ট্রেনটি সৈয়দপুর স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।