শেরপুরের সীমান্তবর্তী দুই এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৩৯৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
রোববার (১৭ মে) ভোররাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া মধুটিলা এলাকা এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কুশপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন হলদিগ্রাম ক্যাম্পের টহল দল নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালায়। এসময় কয়েকজন ব্যক্তি ভারতীয় মদভর্তি বস্তা বহন করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়।
একই রাতে হালুয়াঘাট উপজেলার কুশপাড়া সীমান্ত এলাকায় কড়ইতলী বিজিবি ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ভারতীয় মদের বোতল জব্দ করেন।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া ৩৯৩ বোতল ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।