পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশ যেন তারেক রহমানের মধ্যে নতুন এক জিয়াউর রহমানকে খুঁজে পেয়েছে।
রোববার (৩১ মে) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, স্বল্প সময়ের শাসনামলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশকে উন্নয়ন ও আত্মমর্যাদার পথে এগিয়ে নিয়েছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই আদর্শ ও কর্মধারা অনুসরণ করে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, খাল খনন কর্মসূচিসহ মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন। একই সঙ্গে শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।