শিরোনাম

স্বাস্থ্যসেবা কার্ডের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করার উদ্যোগ চলছে: রেল প্রতিমন্ত্রী

স্বাস্থ্যসেবা কার্ডের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করার উদ্যোগ চলছে: রেল প্রতিমন্ত্রী
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সড়ক পরিবহন, সেতু ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান এমপি। তিনি বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্যসেবা কার্ডের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করতে কাজ করছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে প্রায় ৬ হাজার ৯৪৩ জনকে স্বাস্থ্যসেবা কার্ড দেওয়া হচ্ছে। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং সাধারণ মানুষের জন্য একটি মানবিক উদ্যোগ বলেও মন্তব্য করেন তিনি।


প্রতিমন্ত্রী বলেন, সরকারের বয়স মাত্র তিন মাস হলেও ইতোমধ্যে উন্নয়নমূলক কার্যক্রম শুরু হয়েছে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
তিনি ময়মনসিংহ রেলস্টেশনের সমস্যা তুলে ধরে জানান, বৃষ্টিতে পানি জমা, যাত্রী বিশ্রামাগার, নারী যাত্রীদের নামাজের স্থান ও পাবলিক টয়লেট সংকট সমাধানে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ময়মনসিংহ-ঢাকা ও ময়মনসিংহ-সিলেট আন্তঃনগর ট্রেন চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।
এছাড়া ময়মনসিংহের গুরুত্বপূর্ণ তিনটি রেলক্রসিংয়ে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো: রুকুনোজ্জামান রোকনসহ স্থানীয় সংসদ সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর