নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের কোম্পানীগঞ্জ ইউনাইটেড হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর সুলতানা মমতাজ (২৭) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসকদের অবহেলার অভিযোগ তুলেছে নিহতের পরিবার।
পরিবারের দাবি, অ্যানেস্থেসিয়া প্রয়োগের পর প্রসূতি অসুস্থ হয়ে পড়লেও হাসপাতালে তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন না। প্রায় ৩০ মিনিট পর সিপিআর দেওয়া হয়। পরে তাকে ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা ও নিবিড় পর্যবেক্ষণের অভাবেই এ মৃত্যু হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে অ্যানেস্থেসিয়া চিকিৎসক ডা. তাপস পাল বলেন, হাসপাতালে পোস্ট-অপারেটিভ রুম নেই এবং পূর্ণাঙ্গ ব্যবস্থা না থাকলে চিকিৎসকদেরও সীমাবদ্ধতা থাকে। অপারেশনকারী চিকিৎসক ডা. রোশন জাহান লাকি বলেন, অনেক হাসপাতালেই প্রয়োজনীয় সুবিধার অভাব রয়েছে। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল করিমও অবহেলার অভিযোগ অস্বীকার করেন।
এদিকে নিহতের পরিবারের দাবি, আইনি পদক্ষেপের প্রস্তুতির সময় হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে সমঝোতা হয় এবং ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা দেওয়া হয়। পরিবার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।