ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে অতিরিক্ত কোচ মেরামতের কাজ। দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানায় বর্তমানে ১২৭টি কোচ সচল ও সংস্কারের কাজ চলছে। এসব কোচ মেরামত শেষে দেশের বিভিন্ন আন্তঃনগর ট্রেনে সংযুক্ত করা হবে।
রেলওয়ে কারখানা সূত্র জানায়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কর্মকর্তা-কর্মচারীরা দিনরাত কাজ করছেন। কারখানার ২৮টি শপে নিয়মিত কাজের পাশাপাশি অতিরিক্ত সময় দিয়ে কোচগুলো মেরামত করা হচ্ছে। ইতোমধ্যে ৯৯টি কোচ ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট কোচ আগামী কয়েক কর্মদিবসের মধ্যে হস্তান্তর করা হবে।

কারখানায় অনুমোদিত ২ হাজার ৮৫৯টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৬৬৪ জন। তীব্র জনবল সংকটের মধ্যেও পুরোনো কোচগুলোর বগি মেরামত, চাকার ট্রলি সংস্কার, আসন পরিবর্তন, বৈদ্যুতিক সংযোগ ও রংয়ের কাজ চলছে।
শিডিউল শপের ইনচার্জ প্রকৌশলী রুহুল আমীন বলেন, ঈদে যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে অতিরিক্ত কোচ প্রস্তুতের কাজ চলছে। প্রতিটি শপে শ্রমিক-কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

ক্যারেজ শপের ইনচার্জ প্রকৌশলী মমিনুল ইসলাম বলেন, জনবল সংকট থাকলেও যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঈদ উপলক্ষে বিভিন্ন আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন রুটে যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ১২৭টি কোচ প্রস্তুত করা হচ্ছে। বাকি কোচ দ্রুত ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে।