বাসার পাশে ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে সাতক্ষীরায় বজ্রপাতে কামরুন নাহার ছবি (৫৫) নামের এক নারী আইনজীবীর করুন মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে শহরের রাজারবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামরুন নাহার ছবি স্থানীয় ক্রিকেট প্রশিক্ষক একরামুল ইসলাম লালুর স্ত্রী এবং সাতক্ষীরা জজ আদালতের আইনজীবী ছিলেন।
স্বজনরা জানান, ঝড়-বৃষ্টির সময় বাড়ির সামনে আম কুড়াতে গেলে হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আব্দুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
অ্যাডভোকেট কামরুন নাহার ছবি দীর্ঘদিন সাতক্ষীরা জজ আদালতে আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া তিনি আইন ও সালিশ কেন্দ্র এবং স্থানীয় মানবাধিকার সংগঠন ‘স্বদেশ’-এর প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।