নীলফামারীর সৈয়দপুরে ফজরের নামাজ পড়াতে এসে মোটরসাইকেল হারিয়েছেন এক মসজিদের ইমাম। তবে মোটরসাইকেল চুরি করে যাওয়ার সময় নিজের পুরোনো একটি বাইসাইকেল রেখে গেছে চোর। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সোমবার (১৮ মে) ভোরে সৈয়দপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার নিয়ামতপুর জুম্মাপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাজ্জাক জানান, প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়াতে তিনি তার ১২৫ সিসির হিরো মোটরসাইকেল (নীলফামারী-হ-১৩-৭৪৫৫) নিয়ে মসজিদে আসেন। নামাজ শেষে বাইরে বের হয়ে দেখেন নির্ধারিত স্থানে মোটরসাইকেলটি নেই। সেখানে পড়ে আছে একটি পুরোনো বাইসাইকেল। পরে স্থানীয়রা জানান, বাইসাইকেলটি এলাকার কারও নয়।
স্থানীয় মাওলানা সাইদুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে চোর নিজের বাইসাইকেল রেখে ইমামের মোটরসাইকেলটি নিয়ে গেছে। ঘটনাটি এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।
মোটরসাইকেল হারিয়ে ইমাম আব্দুর রাজ্জাক পরে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে এক ব্যক্তিকে মোটরসাইকেল নিয়ে যেতে দেখা গেছে। তাকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।