পঞ্চগড়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক, শিক্ষিকা ও কেয়ারটেকারদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়।
সোমবার (১৮ মে) দুপুরে মিডিয়া হাউজ পঞ্চগড়ে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ, পঞ্চগড় জেলা কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আবুল বাশার। তিনি জানান, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অধীনে পরিচালিত এ প্রকল্প তৃণমূল পর্যায়ে শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে প্রকল্পভিত্তিক নিয়োগ হওয়ায় শিক্ষক-শিক্ষিকা ও কেয়ারটেকাররা দীর্ঘদিন ধরে চাকরিগত অনিশ্চয়তা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
বক্তারা দ্রুত রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি জানান এবং এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।