শিরোনাম

নীলফামারীতে শুরু হলো ভূমি সেবা সপ্তাহ ও ভূমিমেলা

নীলফামারীতে শুরু হলো ভূমি সেবা সপ্তাহ ও ভূমিমেলা
ছবি: প্রতিনিধি

নীলফামারীতে ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমিমেলা’ শুরু হয়েছে। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”— এই প্রতিপাদ্য সামনে রেখে মঙ্গলবার (১৯ মে) এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলুন উড়িয়ে জেলা পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশিরা আমাতুল্লাহ, এনডিসি নিয়াজ ভূইয়া, সহকারী কমিশনার তানজীর ইসলাম এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক বাচ্চু।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বুথ থেকে অর্পিত সম্পত্তির দুই লিজ গ্রহীতাকে তাৎক্ষণিকভাবে লিজ নবায়নের কাগজপত্র প্রদান করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম জানান, সপ্তাহব্যাপী কর্মসূচিতে অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, লিজমানি পরিশোধ, ই-পর্চা গ্রহণসহ গণশুনানি, সেমিনার, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন থাকবে।

জেলা প্রশাসক বলেন, ভূমি সেবা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে এ আয়োজন করা হয়েছে। একই সঙ্গে রাজস্ব বৃদ্ধি, জনসচেতনতা ও অভিযোগ নিষ্পত্তিকে গুরুত্ব দেওয়া হবে।

আগামী ২২ মে ভূমি সেবা সপ্তাহ ও ভূমিমেলার কার্যক্রম শেষ হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর