শিরোনাম

যুক্তরাষ্ট্রের ৭৫০ টি উড়োজাহাজ কেনার পরিকল্পনায় চীন

যুক্তরাষ্ট্রের ৭৫০ টি উড়োজাহাজ কেনার পরিকল্পনায় চীন
ছবি: সংগৃহীত

মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে বড় ধরনের বিমান ক্রয় চুক্তিতে সম্মত হয়েছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রায় ২০০টি বিমান কেনার বিষয়ে সমঝোতা হয়েছে, যা ভবিষ্যতে বেড়ে ৭৫০টিতে পৌঁছাতে পারে।

শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, চুক্তিতে অন্তর্ভুক্ত বিমানগুলোতে জিই অ্যারোস্পেসের ইঞ্জিন ব্যবহার করা হবে। তবে কোন মডেলের বিমান সরবরাহ করা হবে কিংবা ডেলিভারির সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এখনও চীনা সরকার বা বোয়িং আনুষ্ঠানিকভাবে এ চুক্তির ঘোষণা দেয়নি। তবে বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের বাণিজ্য উত্তেজনার পর চীনের বাজারে বোয়িংয়ের জন্য এটি বড় কৌশলগত অগ্রগতি হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দ্রুত সম্প্রসারণশীল চীনা বিমান পরিবহন খাতের চাহিদা পূরণ এবং ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী এয়ারবাস-এর সঙ্গে প্রতিযোগিতায় অবস্থান শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিমানবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান আইবিএ’র হিসাব অনুযায়ী, ২০০টি বিমানের সম্ভাব্য চুক্তিমূল্য ১৭ থেকে ১৯ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে হতে পারে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর