নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬৬ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে তার মেয়ের জামাইকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার ফয়েজ হক সাকিল ওরফে সাকিল ফকির সিদ্ধিরগঞ্জের ওমরপুর আইয়ুবনগর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারীর মেয়ে দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করায় তিনি নাতিকে নিয়ে ওই বাসায় থাকতেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১১ মে গভীর রাতে অভিযুক্ত ব্যক্তি কৌশলে শাশুড়িকে নিজের কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর সামাজিক লজ্জা ও ভয়ের কারণে বিষয়টি গোপন রাখা হলেও পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরপরই সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুতর। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।