বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে বিসিবির নির্বাচিত সভাপতি মো. আমিনুল ইসলাম বুলবুল সহ ১২ জন আবেদনকারী হিসেবে রয়েছেন।
রিটকারীদের অভিযোগ, জাতীয় ক্রীড়া পরিষদ কোনো প্রকার নোটিশ, শুনানি কিংবা তদন্ত প্রতিবেদনের কপি প্রদান ছাড়াই নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানকে চেয়ারম্যান করে অ্যাডহক কমিটি গঠন করেছে, যা আইন ও সংবিধানের পরিপন্থী।
হাইকোর্টে দায়ের করা আবেদনে ৭ এপ্রিলের ওই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণার পাশাপাশি অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত এবং নির্বাচিত কমিটিকে পুনর্বহালের নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটকারীদের আইনজীবীরা দাবি করেন, এ সিদ্ধান্ত আইসিসির মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের নীতিমালার সঙ্গেও সাংঘর্ষিক। তাদের মতে, সরকারি হস্তক্ষেপের অভিযোগ প্রমাণিত হলে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে অবস্থান ঝুঁকির মুখে পড়তে পারে।
জানা গেছে, আগামী সপ্তাহে হাইকোর্টে এ রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।