চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যাওয়া দুই বছরের শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারিয়েছেন মা তারিন আক্তার। দুর্ঘটনায় আহত শিশুটিকেও হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
শুক্রবার (১৫ মে) রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তারিন আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিনে স্বামী ও ২ বছর বয়সী কন্যাসন্তান ইয়াসাকে নিয়ে ভাটিয়ারী এলাকার একটি মেলায় ঘুরতে গিয়েছিলেন তারিন আক্তার। মেলা শেষে রাতে মোটরসাইকেলে করে তারা বাসায় ফিরছিলেন। ফেরার পথে শিশু ইয়াসাকে বাবা-মায়ের মাঝখানে বসানো হয়েছিল। তবে পথিমধ্যে অসাবধানতাবশত শিশুটি চলন্ত মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে যায়। সন্তানকে বাঁচাতে গিয়ে তারিনও সড়কে পড়ে যান।
এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।