শিরোনাম

যুক্তরাষ্ট্রের ‘অবৈধ দাবির’ বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরান প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের ‘অবৈধ দাবির’ বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরান প্রেসিডেন্টের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও অন্যায্য’ দাবির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। পোপ লিও চতুর্দশের কাছে পাঠানো এক কূটনৈতিক চিঠিতে তিনি মার্কিন-ইসরাইলি হামলাকে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।
চিঠিতে ইরানি প্রেসিডেন্ট দাবি করেন, সাম্প্রতিক হামলায় দেশটির শীর্ষ রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্বসহ হাজারো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মীয় স্থাপনাসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এসব কর্মকাণ্ডকে ‘যুদ্ধাপরাধের শামিল’ বলে অভিহিত করেন।
পেজেশকিয়ান আরও বলেন, আঞ্চলিক নিরাপত্তাহীনতার মূল কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ও অবরোধনীতি। আত্মরক্ষার সাংবিধানিক ও আন্তর্জাতিক অধিকার প্রয়োগের অংশ হিসেবেই ইরান পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
চিঠিতে তিনি কূটনৈতিক সমাধানের প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ‘বাস্তবসম্মত ও ন্যায়ভিত্তিক’ ভূমিকা পালনের আহ্বান জানান।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর