শিরোনাম
সর্বোচ্চ মূল বেতন ১.৬০ লাখ টাকা

১ জুলাই থেকে নবম পে-স্কেল কার্যকর

১ জুলাই থেকে নবম পে-স্কেল কার্যকর

দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করেছে সরকার। আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন কাঠামোয় প্রায় সব গ্রেডেই মূল বেতন দ্বিগুণ বা তারও বেশি বৃদ্ধি পাচ্ছে। সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা এবং সর্বনিম্ন গ্রেডের বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় রয়েছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন পে-স্কেল কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন বেতন কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মধ্যে বেতনের অনুপাত ১:৮ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বাড়িভাড়া ও অন্যান্য ভাতা যুক্ত হলে সর্বনিম্ন গ্রেডের একজন কর্মচারীর মাসিক আয় ৪১ হাজার ৯০৮ টাকায় পৌঁছাবে বলে জানানো হয়েছে।

নতুন পে-স্কেলে প্রধান গ্রেডগুলোর মূল বেতন

  • গ্রেড-১ : ১,৬০,০০০ টাকা
  • গ্রেড-২ : ১,৩২,০০০ টাকা
  • গ্রেড-৩ : ১,১৩,০০০ টাকা
  • গ্রেড-৪ : ১,০০,০০০ টাকা
  • গ্রেড-৫ : ৮৬,০০০ টাকা
  • গ্রেড-৯ : ৪৫,১০০ টাকা
  • গ্রেড-১০ : ৩২,০০০ টাকা
  • গ্রেড-১১ : ২৫,০০০ টাকা
  • গ্রেড-১২ : ২৪,৩০০ টাকা
  • গ্রেড-১৩ : ২৪,০০০ টাকা
  • গ্রেড-১৪ : ২৩,৫০০ টাকা
  • গ্রেড-১৫ : ২২,৮০০ টাকা
  • গ্রেড-১৬ : ২১,৯০০ টাকা
  • গ্রেড-১৭ : ২১,৪০০ টাকা
  • গ্রেড-১৮ : ২১,০০০ টাকা
  • গ্রেড-১৯ : ২০,৫০০ টাকা
  • গ্রেড-২০ : ২০,০০০ টাকা

অর্থমন্ত্রী বলেন, একটি নির্বাচিত সরকারের অধীনে প্রণীত এ বাজেটের অন্যতম লক্ষ্য হচ্ছে জনগণের জীবনমান উন্নয়ন এবং সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। নতুন পে-স্কেল বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনের দক্ষতা ও কর্মোদ্যম আরও বৃদ্ধি পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ঘোষিত এই পে-স্কেলকে দেশের প্রশাসনিক খাতে অন্যতম বড় সংস্কার হিসেবে দেখা হচ্ছে। অর্থনীতি সংশ্লিষ্টদের মতে, বেতন বৃদ্ধি সরকারি কর্মচারীদের ক্রয়ক্ষমতা বাড়াবে, তবে এর প্রভাব মূল্যস্ফীতি ও সরকারি ব্যয়ের ওপরও পড়তে পারে।

নতুন অর্থবছরের শুরুতেই পে-স্কেল কার্যকর হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। তবে বাস্তবায়নের বিস্তারিত নির্দেশনা ও ভাতা কাঠামোর বিষয়ে সরকারের পরবর্তী প্রজ্ঞাপনের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর