শিরোনাম
উদ্ধার ৮টি বন্য পাখি

সৈয়দপুরে দেশীয় পাখি বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

সৈয়দপুরে দেশীয় পাখি বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

দেশীয় প্রজাতির বন্য পাখি বিক্রির অভিযোগে নীলফামারীর সৈয়দপুরে এক পাখি ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। অভিযানে তিনটি ময়না ও পাঁচটি টিয়া পাখি উদ্ধার করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন।

অভিযানে “পেট অ্যান্ড বার্ড হাউস” নামের একটি প্রতিষ্ঠান থেকে দেশীয় প্রজাতির পাখিগুলো উদ্ধার করা হয়। পরে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মো. ইমরান হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

উদ্ধারকৃত পাখিগুলো সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে রংপুর বন বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক পরিচর্যার পর এগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানা গেছে।

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশীয় বন্য পাখি শিকার ও বিক্রি রোধে নিয়মিত অভিযান চলবে। এ ধরনের কার্যক্রমে জনসাধারণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় পাখি সংরক্ষণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো না গেলে এ ধরনের বাণিজ্য পুরোপুরি বন্ধ করা কঠিন হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর