শিরোনাম

মোংলার জয়মনিরঘোলে কোস্টগার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা, আহত কয়েক সদস্য

মোংলার জয়মনিরঘোলে কোস্টগার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা, আহত কয়েক সদস্য

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন জয়মনিরঘোল এলাকায় অবস্থিত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন ‘হারবারিয়া’-তে দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে সংঘটিত এ ঘটনায় দায়িত্ব পালনরত কয়েকজন কোস্ট গার্ড সদস্য আহত হন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবন উপকূলে আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের ঘাঁটি হিসেবে পরিচিত জয়মনিরঘোল এলাকায় কোস্ট গার্ড স্টেশন স্থাপনের ফলে অপরাধীদের রসদ, অস্ত্র ও লজিস্টিক সরবরাহের পথ বাধাগ্রস্ত হয়েছে।
তিনি অভিযোগ করেন, কোস্ট গার্ডকে এলাকা থেকে সরিয়ে দিতে স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র পরিকল্পিতভাবে এ হামলা ও ভাঙচুর চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়াও চলমান রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিমূলক প্রচারণা বাহিনীর দায়িত্ব পালন ও অভিযানিক কার্যক্রমকে ব্যাহত করতে পারবে না। এ বিষয়ে গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনগণকে তথ্য যাচাই করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর