ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার নগরীর গোলপুকুরপাড় এলাকায় বিষাক্ত গ্যাস সিলিন্ডার লিকেজের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে তিনি নগরীর ১৮ তলাবিশিষ্ট মৈত্রী টাওয়ারসংলগ্ন একটি ভাঙারি দোকানে পরিত্যক্ত বিষাক্ত গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের ঘটনায় সংঘটিত দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে চেয়ারম্যান ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, গ্যাস লিকেজের পর তীব্র বিষাক্ত গন্ধে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েন। এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে, সে জন্য জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত সোমবার রাতে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় ৩৯ জন আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।