শিবপুর (নরসিংদী) প্রতিনিধি: অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে নরসিংদীর শিবপুরে ৩০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। তিন মাসব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর তাঁদের মধ্যে সেলাই মেশিন, সনদপত্র, ফলদ ও ঔষধি গাছের চারা এবং বই বিতরণ করা হয়।
গত শনিবার শিবপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় এবং বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় উপদেষ্টা মাহবুবুর রহমান মনির। প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াছমিন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার এবং শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া।
উপকারভোগী স্বামীহারা জুলেখা আক্তার বলেন, স্বামীর মৃত্যুর পর তিন সন্তানকে নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যেতে তাঁকে চরম কষ্ট করতে হয়েছে। আয়-রোজগারের নির্ভরযোগ্য কোনো উৎস না থাকায় সন্তানদের ভরণ-পোষণ ও লেখাপড়ার খরচ চালানো ছিল কঠিন। প্রশিক্ষণ শেষে হাতে পাওয়া সেলাই মেশিন তাঁর কাছে নতুন জীবনের সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
আরেক সুবিধাভোগী সানজিদা আক্তার বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা সেলাই কাজের দক্ষতা অর্জন করেছেন। এখন সেলাই মেশিন পাওয়ায় আয়মুখী কাজে যুক্ত হয়ে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের অর্থনৈতিক দায়িত্বও ভাগ করে নিতে পারবেন।
বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় উপদেষ্টা মাহবুবুর রহমান মনির বলেন, অসচ্ছল নারীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সেলাই মেশিন তাঁদের নিয়মিত আয়ের পথ তৈরি করবে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে গাছের চারাও বিতরণ করা হয়েছে।
ইমদাদুল হক মিলন বলেন, গ্রামীণ দরিদ্র নারীদের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শিবপুরের নারীদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে, যাতে তাঁরা নিজ উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী হতে পারেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুর এলাহী বলেন, নারীদের কর্মমুখী করে তোলার এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। সেলাই মেশিনের মাধ্যমে নারীরা আয় করতে সক্ষম হবেন এবং পরিবারের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি ভবিষ্যতেও শিবপুরে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।