শিরোনাম

সরকারি দল জনগনকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে: গোলাম পরওয়ার

সরকারি দল জনগনকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে: গোলাম পরওয়ার
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

শনিবার সকালে বরিশাল নগরীর লাইন রোডের একটি কমিউনিটি সেন্টারে দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মাদ বাবর।

মিয়া গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার ছাড়া ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি দাবি করেন, বর্তমান সাংবিধানিক কাঠামোয় ক্ষমতা অতিমাত্রায় কেন্দ্রীভূত, যার কারণে যে কোনো সরকারই স্বৈরাচারী হয়ে ওঠার ঝুঁকিতে থাকে।

তিনি আরও বলেন, “রক্ত দিয়ে ছাত্র-যুবসমাজ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি করেছে, তা বাস্তবায়নের জন্য রাষ্ট্রের কাঠামোগত সংস্কার অপরিহার্য।” তাঁর মতে, জনগণের জবাবদিহিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সংবিধান সংশোধন জরুরি।

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে রাজনৈতিক সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনার মাধ্যমে যে ঐকমত্য তৈরি হয়েছিল, তা বাস্তবায়ন না হওয়ায় রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে। তিনি অভিযোগ করেন, জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নেওয়ায় সরকার ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।

তিনি আরও বলেন, সরকার জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হচ্ছে এবং গণআকাঙ্ক্ষা উপেক্ষা করছে। তাঁর ভাষায়, এতে করে মন্ত্রী-এমপিদের জনগণের মুখোমুখি হতে হচ্ছে সমালোচনা ও ক্ষোভের।

জামায়াত নেতা বলেন, সংবিধান ও শাসনব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার না হলে রাষ্ট্রে ভারসাম্য থাকবে না এবং ক্ষমতার অপব্যবহার বাড়বে। তিনি দাবি করেন, “প্রধানমন্ত্রীর হাতে অতিমাত্রায় ক্ষমতা কেন্দ্রীভূত থাকায় দলীয়করণ ও বৈষম্য তৈরি হয়।”

তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যে রাজনৈতিক পরিবর্তনের দাবি উঠেছিল, তা উপেক্ষিত হলে জনগণের ক্ষোভ আবারও রাস্তায় নামতে পারে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী সহিংসতায় বিশ্বাস করে না এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তনে বিশ্বাসী। তবে জনগণের দাবি উপেক্ষা করা হলে রাজনৈতিক অস্থিরতা বাড়বে বলেও তিনি সতর্ক করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল তত্ত্বাবধায়ক অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু এবং অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর