বাগেরহাটের ফকিরহাট উপজেলায় স্ত্রীর স্বীকৃতি ও সংসারে ফিরিয়ে নেওয়ার দাবিতে এক এমবিবিএস (ইন্টার্ন) চিকিৎসক তার স্বামীর বাড়ির সামনে অনশন শুরু করেছেন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার পুটিয়া এলাকায় এমবিবিএস চিকিৎসক ডা. শতদল মণ্ডলের বাড়ির সামনে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি শুরু করেন তার স্ত্রী ডা. বন্যা মজুমদার।
ডা. বন্যা মজুমদারের অভিযোগ, তার স্বামী ডা. শতদল মণ্ডলের সঙ্গে তার আপন বৌদির পরকীয়ার সম্পর্ক রয়েছে। বিষয়টি জানার পর থেকেই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন অপবাদ ছড়ানো হয় এবং বিয়ের সময় পাওয়া স্বর্ণালংকার ও অন্যান্য সামগ্রী রেখে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
তিনি বলেন, তিনি কোনো সংঘাত চান না। সুষ্ঠু সমাধানের মাধ্যমে স্বামীর সঙ্গে পুনরায় সংসার করতে চান। দাবি আদায় না হওয়া পর্যন্ত স্বামীর বাড়ির সামনে অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাবেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, ডা. বন্যার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রচার করা হলেও তাদের জানা মতে সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। তাদের অভিযোগ, মেয়ের পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।
অন্যদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. শতদল মণ্ডল বলেন, তার স্ত্রী অনশনে বসেছেন—বিষয়টি তিনি জানেন না। এছাড়া তিনি তার স্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন। আইনজীবীর পরামর্শে এ বিষয়ে গণমাধ্যমে বিস্তারিত মন্তব্য করতে অপারগ বলেও জানান।
স্থানীয় ইউপি সদস্য কালিপদ বিশ্বাস বলেন, বিয়ের পর থেকেই ডা. বন্যা মজুমদারকে ঘিরে বিভিন্ন অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিকভাবে সালিসের উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি। সবকিছু যাচাই-বাছাই করেই শতদল মণ্ডলের সঙ্গে বন্যার বিয়ে সম্পন্ন হয়েছিল বলে তিনি জানান।