ভারতের অভিন্ন মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (NEET) ঘিরে প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা বাতিলের অভিযোগের পর নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম হয়েছে। এ ইস্যুতে পরীক্ষাটি সম্পূর্ণ বাতিলের দাবি তুলেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।
তিনি বলেছেন, ডাক্তারি, দন্তচিকিৎসা ও আয়ুষ কোর্সে ভর্তি প্রক্রিয়া উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা উচিত। তার মতে, একক প্রবেশিকা পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে বিজয় অভিযোগ করেন, বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা পুরো শিক্ষাব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করছে। তিনি আরও দাবি করেন, আগের তদন্ত ও সংস্কার প্রস্তাব সত্ত্বেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
দীর্ঘদিন ধরেই তামিলনাড়ু এই অভিন্ন প্রবেশিকা পরীক্ষার বিরোধিতা করে আসছে। রাজ্যের রাজনৈতিক দলগুলোর অভিযোগ, এ ব্যবস্থা শহুরে ও ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের সুবিধা দিলেও গ্রামীণ ও আঞ্চলিক ভাষাভিত্তিক শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে।
এই ইস্যুতে রাজ্য সরকার আগেও সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং বিধানসভায় পাশ হওয়া বিরোধী বিল রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সাম্প্রতিক বিতর্কের পর দেশজুড়ে পরীক্ষাব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।