পরিবার পরিকল্পনা, গ্রাম আদালত, পরিবেশ সংরক্ষণ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে প্রশাসনের উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া ঈদগাহ মাঠে উপজেলা প্রশাসন ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আখন্দ (ফারুক)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আবু তাহের মো. সানাউল্লাহ নূরী এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।
এছাড়া উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসনে আকাশ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী, প্রশাসনের কর্মকর্তারা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং এলাকার নারী-পুরুষ অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, সুস্থ ও সমৃদ্ধ পরিবার গঠনে পরিবার পরিকল্পনার বিকল্প নেই। একই সঙ্গে ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকর ভূমিকা, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অন্যান্য ইতিবাচক কার্যক্রমে সম্পৃক্ত করার বিকল্প নেই।