বিশ্বকাপকে সামনে রেখে নতুন বিতর্কে জড়িয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ইরানের বিপ্লব-পূর্ব ‘লায়ন অ্যান্ড সান’ পতাকা স্টেডিয়ামে প্রদর্শন সীমিত বা নিষিদ্ধ করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হতেই আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে সংস্থাটি।
একদিকে ইরানের ফুটবল ফেডারেশন বিশ্বকাপ ভেন্যুতে অননুমোদিত পতাকা নিষিদ্ধের দাবি জানিয়েছে, অন্যদিকে প্রবাসী ইরানিদের একটি অংশ ঐতিহাসিক ওই পতাকা প্রদর্শনের পক্ষে অবস্থান নিয়েছে। এ নিয়ে মানবাধিকার ও নাগরিক স্বাধীনতা সংশ্লিষ্ট সংগঠনগুলো ফিফাকে সতর্ক করে বলেছে, কোনো বৈধ সাংস্কৃতিক বা ঐতিহাসিক প্রতীক নিষিদ্ধ করা হলে বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে।
২০২৬ বিশ্বকাপে ইরানের তিনটি গ্রুপ ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক সংবেদনশীলতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং টুর্নামেন্ট নিরাপত্তা—এই তিন বিষয়কে ঘিরে নতুন এক জটিল সমীকরণের মুখে পড়েছে ফিফা। সংশ্লিষ্ট মহলের ধারণা, বিশ্বকাপ শুরুর আগেই এ ইস্যু আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বড় বিতর্কের জন্ম দিতে পারে।