পঞ্চগড়ের দেবীগঞ্জে নানা অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে দেবীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এএসএম মাসুম উদ দৌলার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ক্ষতিকর রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে শুভ আইসক্রিমকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন না থাকায় আকাশ স্টোরকে ১ হাজার ৫০০ টাকা এবং মূল্য তালিকা না রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে ভাই ভাই পোল্ট্রি ফার্মকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
দেবীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাবুল হক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে দেবীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক এএসএম মাসুম উদ দৌলা বলেন, জনস্বার্থে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।