টানা ভারী বর্ষণ ও দমকা হাওয়ায় নীলফামারীর সৈয়দপুরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে বজ্রসহ ঘণ্টায় প্রায় ৩৪ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়া ও ফসলের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে শহরের পুরাতন মুন্সিপাড়া এলাকায় কয়েকটি পুরনো গাছ উপড়ে পড়ে। এর মধ্যে একটি বড় বটগাছ মেথর পল্লীর তিনটি বসতঘরের ওপর ভেঙে পড়ে আতঙ্ক সৃষ্টি করে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণ করে পরিস্থিতি স্বাভাবিক করেন।

অন্যদিকে উপজেলার খাতামধুপুর, বাঙ্গালীপুর ও কাশিরাম বেলপুকুর ইউনিয়নের নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে উঠতি বোরো ধান ও বিভিন্ন সবজিক্ষেত পানির নিচে তলিয়ে গেছে।
এছাড়া শহরের জসিম বাজার এলাকায় প্রবল বৃষ্টির কারণে একটি নির্মাণাধীন দেয়াল ধসে পড়ে দুই নির্মাণশ্রমিক আহত হন। আহতরা হলেন তৌহিদ (২৬) ও মিজানুর রহমান (৪২)। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, সাম্প্রতিক সময়ের মধ্যে এটিই সবচেয়ে বেশি বৃষ্টিপাতের ঘটনা। একই সঙ্গে বজ্রসহ দমকা হাওয়া বয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ বলেন, কয়েকটি ফসলি জমি পানির নিচে গেলেও পানি দ্রুত নেমে যাচ্ছে। মাঠপর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।