নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদীর পাড় থেকে অবৈধভাবে বালি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চাঁন মিয়া নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নদীর পাড়ের বালি কেটে বিক্রির অভিযোগে খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ওই ব্যক্তিকে জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ পরিশোধ না করায় তাকে কারাদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।