পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সময়োপযোগী বিভিন্ন কৌশল গ্রহণ করছেন।
শনিবার (৩০ মে) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের স্বপ্ন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর পরিকল্পনাগুলো বাস্তবায়নে নতুন কর্মপরিকল্পনা নিয়ে কাজ চলছে। দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখা এবং সব খাতে উন্নয়ন ত্বরান্বিত করাই সরকারের লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার গৃহীত কর্মসূচিগুলোর ধারাবাহিক বাস্তবায়নের মাধ্যমে দেশকে আরও সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।