ফরিদপুরের নগরকান্দায় বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার শহীদ আকরামুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তাঁর অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন। দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

এর আগে একই দিন চরযশোরদী ইউনিয়ন বিএনপি ও তালমা ইউনিয়ন বিএনপির উদ্যোগে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতেও দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।